ভূমি জটিলতা, বৈদেশিক সহায়তার ‘মিস ম্যাচ’ রয়েছে
ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন রয়েছে প্রকল্প এলাকায় প্রকল্প পরিচালকদের থাকতে হবে। কিন্তু প্রকল্প পরিচালকগণ থাকছেন না। একজন একাধিক প্রকল্পে পরিচালক। এই বিষয়গুলো সঠিক ভাবে দেখতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে চলতি (২০১৮-১৯) অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প পরিচালকদের প্রকল্প স্থানে না থাকা ভয়ঙ্কর। সচিবদের বলেছি প্রকল্প বাস্তবায়ন গতি বাড়াতে হবে। সচিবরা আমাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রকল্প বাস্তবায়ন গতি বাড়াতেই হবে। এক প্রকল্পে একাধিক পিডি (প্রকল্প পরিচালক) থাকা যাবে না। থাকতে হলে প্রধানমন্ত্রীর বিশেষ অনুমতি নিতে হবে। প্রকল্পের সঙ্গে পরিচালককে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে।
প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন কম হওয়ার অন্যতম কারণ জমি অধিগ্রহণ না হওয়া, বৈদেশিক অর্থ নিয়ে জটিলতা। বৈদেশিক সহায়তা প্রাপ্তির বিলম্বের কারণে প্রকল্প বাস্তবায়ন দেরি হচ্ছে। কিন্তু দোষ বা চাপ পড়ছে আমাদের ওপর। তবে, ঋণ দাতাদের নিজস্ব কিছু আইন-কানুন আছে, সেটি তারা মেনে চলে। আবার আমাদেরও কিছু আইন-কানুন আছে আমরা সেগুলো মেনে চলি। ফলে এখানে অনেক সময় ‘মিস ম্যাচিং’ হয়। এ ব্যাপারে ইআরডিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
