৪৯ জনকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার সকালে তাদেরকে চূড়ান্তভাবে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করে বিজ্ঞপ্তি দেন রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাশেম। এরপরই তাদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশের জন্য বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়। তবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় তাদের জন্য বরাদ্দকৃত আসনটি শূন্য রয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ আবুল কাশেম বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে কারো মনোনয়নপত্র বাতিল হয়নি। কেউ মনোনয়নপত্র প্রত্যাহারও করেননি। এ কারণে ৪৯ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করে তাদের নাম গেজেট আকারে প্রকাশের জন্য নির্বাচন কমিশনে জমা দিয়েছি।

ইসি জানিয়েছে, এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি-জাপার ৪ জন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন সংসদ সদস্য নির্বাচিত হলেন। তাদের নামের গেজেট জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হবে। স্পিকার তাদের শপথ গ্রহণের আয়োজন করবেন। তবে বিএনপির সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় সংখ্যানুপাতে প্রাপ্ত একমাত্র আসনটি স্থগিত রয়েছে। এ কারণে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসন থাকলেও এই মুহূর্তে একটি আসন শূন্য থাকলো। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নবনির্বাচিতদের দ্রুত শপথ অনুষ্ঠান হলে তারা সংসদের চলতি অধিবেশনেও অংশ নিতে পারবেন।

৪৩ জন আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ঢাকা থেকে সুবর্ণা মুস্তফা, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম  জাহান শিলা ও নাহিদ ইজহার খান। চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম; কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও আরমা দত্ত; ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভুঁইয়া ও রুমানা আলী। বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে মিসেস হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান (শেফালী) ও জাকিয়া পারভীন খানম; পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে মোঃ শামীমা আক্তার খানম, মুন্সিগঞ্জ থেকে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে মোছাঃ খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, টাঙ্গাইল থেকে খন্দকার মমতা হেনা লাভলী, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম (সাকী), ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরিয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ। জাপার নবনির্বাচিত চারজন এমপি হলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, চেয়ারম্যান-এর উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

এছাড়া অন্যান্য দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লুত্ফুন নেসা খান ও স্বতন্ত্র জোটের সেলিনা ইসলাম সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হয়েছেন।