আবার রিয়ালের হোঁচট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

মেসির পেনাল্টি মিস তবুও বার্সার জয়

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে জিরোনার কাছে ২-১ গোলে হেরে লা লিগা পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে। তাদের এই হারের সুযোগ নিয়ে আগের দিন জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ উঠে এসেছে তালিকার দ্বিতীয় স্থানে। এদিকে লিওনেল মেসির একমাত্র গোলে লা লিগায় ভায়াদোয়িদের বিপক্ষে কষ্টার্জিত এক জয় পেয়েছে শিরোপাধারী বার্সেলোনা।

সামপ্রতিক সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জেতা রিয়াল রবিবার জিরোনার বিপক্ষে শুরুতেই এগিয়ে ছিলো। ২৪তম মিনিটে গোলটি করেন ক্যাসেমিরো। তবে বিরতির পর ম্যাচে ফেরে জিরোনা।

৬৫ মিনিটে রিয়ালের বিপদসীমায় সার্জিও র্যামোসের হ্যান্ডবলে পেনাল্টি পায় জিরোনা। সেখান থেকে সফরকারীদের সমতায় ফেরান ক্রিশ্চিয়ান স্টুয়ানি। এর মিনিট দশেক পর দলটির স্প্যানিশ ফরোয়ার্ড পরতুর নিচু হেড রিয়াল গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে হার নিশ্চিত হয় রিয়ালের। ফলে আগের দিন রায়ো ভায়েকানো বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসে।

ফলে ২৪ ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে নেমে গেলো রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকায় একধাপ এগোলো তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো। অন্যদিকে শিরোপাধারী বার্সেলোনা সমান ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

শনিবার রাতে ভায়াদোলিদের বিপক্ষে ৪৩ মিনিটে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোলে ভর করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে কাতালানরা। ম্যাচের শেষ দিকে আরেকটি পেনাল্টি পায় বার্সা, কিন্তু সেখানে পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর প্রয়াস রুখে দেন সফরকারী গোলরক্ষক জর্দি ম্যাসিপ। বার্সা কোচ জানালেন পেনাল্টি মিসের পরেও অধিনায়কের উপরই আস্থা রাখছেন তিনি।

ভালভাদের্র ভাষায়, ‘না, মোটেও না! আমি মোটেও স্নায়ুচাপে ভুগছিলাম না। আমি আশ্বস্ত ছিলাম যে সে দুটো সুযোগই কাজে লাগাতে যাচ্ছে। লিওতে বাজি ধরাটা নিরাপদ। সে আরও বেশি গোল করতে পারতো!’

এই জয়ের মাধ্যমে দলটি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিওঁর মাঠে খেলবে ভালভাদের্র শিষ্যরা। তার আগে হারানো ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসীই শোনালো বার্সা কোচকে।

স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমি দেখছি দলটা হারানো ছন্দ ফিরে পেয়ে নিজেদের সেরাটা ঢেলে দেয়ার জন্য তৈরি হচ্ছে। কখনো কখনো প্রতি ম্যাচেই দারুণ খেলার প্রয়োজন পড়ে না আপনার কিন্তু আমাদের সামনে চারটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এবং আমরা ধাপে ধাপে এগোতে চাই।’

এদিকে দলের সমষ্টিগত নৈপুণ্য অসন্তুষ্ট ডিফেন্ডার জেরার্ড পিকে জানালেন, এমন পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স লিগে চিন্তার কারণ হয়ে উঠতে পারে দলের জন্য। ম্যাচের ফলাফলে স্বস্তি প্রকাশ করলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বৈরথকে সামনে রেখে দলকে সাবধানবার্তা দিলেন পিকে, ‘একমাত্র ভালো খবরটা হচ্ছে- জয়ে ফেরা, তিন পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছি বটে, কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। মঙ্গলবারের কথা মাথায় রাখলে এটা মোটেও ভালো লক্ষণ নয়। আমাদের আরও ভালো করতে হবে। যদি তা করতে ব্যর্থ হই তবে এর কড়া মাসুল দিতে হবে।’