স্পোর্টস ডেস্ক
সাবেক কোচ হোসে মরিনহো ম্যানচেষ্টার ইউনাইটেডে অসুস্থ পরিবেশ তৈরি করেছিলেন অভিযোগ তুলেছেন অ্যালেক্সি সানচেজ।
মরিনহো গত ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি থেকে বরখাস্ত হন। তার স্থলাভিষিক্ত হন ওলে গুনা সোলসার। বলা হয়ে থাকে মরিনহোর সময়ে ক্লাবটির সাজঘরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল।
সানচেজকে গত বছরের জানুয়ারিতে প্রতিদ্বন্দ্বী আর্সেনাল থেকে ইউনাইটেডে নিয়ে এসেছিলেন মরিনহোই। কিন্তু ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার পর্তুগীজ কোচের চলে যাওয়ার আগে তার পছন্দের তালিকায় ছিলেন না।
চিলির জাতীয় দলের এই স্ট্রাইকার ম্যানচেষ্টারে আসার পর থেকে সব ধরনের প্রতিযোগিতায় কেবল পাঁচ গোল করেছেন। এখন তার অভিযোগ মরিনহোর অধীনে আত্মবিশ্বাস হারিয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে খেলোয়াড়টি বিবিসিকে বলেন,‘মরিনহো বিশ্বের সেরা কোচদের একজন। বিশেষ করে তিনি যেভাবে কোচিং করান, ভিডিও বিশ্লেষণ করেন এবং তিনি যেভাবে বিষয়গুলো দেখেন। কিন্তু খেলোয়াড়দের মধ্যে এমন একটা ধারণা গড়ে উঠেছিল যে আপনি একবার দলে আছেন তো আরেকবার বাদ।’
তিনি আরো বলেন,‘কখনো কখনো আমি খেলার সুযোগ পাইনি, আবার পেয়েছিলামও। আবার আমি পাইনি। এরকম অবস্থায় একজন খেলোয়াড় আত্মবিশ্বাস হারাতে পারে। এরপর এমন একটা পরিবেশ তৈরি হলো যা স্বাস্থ্যকর ছিল না।’
এদিকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসির বিরুদ্ধে সানচেজকে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় আছে।
