প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আজ
স্পোর্টস রিপোর্টার
ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান আকর্ষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ মাঠে গড়াবে আগামী ১ মার্চ। ওয়ানডে ফরম্যাটের এই লিগে এবারো প্লেয়ার বাই চয়েজ লটারি পদ্ধতি তথা প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ক্রিকেটারদের দলবদল অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
গত শনিবার বিসিবির পাঠানো তালিকা অনুযায়ী প্লেয়ার্স ড্রাফটে তোলা হবে ২৩৩ জন ক্রিকেটারের নাম। ইতোমধ্যে ১২টি ক্লাব তিনজন করে ক্রিকেটার দলে টেনেছে। অর্থাত্ ৩৬ জন ক্রিকেটারের ক্লাব ঠিক হয়ে গেছে। প্রতিটি দল একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। তাই আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে প্রায় ১২০ জন ক্রিকেটার বিভিন্ন ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলার টিকিট পেতে পারেন।
সাত ক্যাটাগরিতে (এ-প্লাস, এ, বি-প্লাস, বি, সি-প্লাস, সি ও ডি) ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। তবে ড্রাফটের তালিকায় নেই জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের নাম। তামিম আনুষ্ঠানিকভাবেই প্রিমিয়ার লিগ না খেলার অনুমতি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন। আর সাকিব তখন ব্যস্ত থাকবেন আইপিএলে। তাদের সঙ্গে এই প্রথমবার প্রিমিয়ার লিগে থাকছেন না মুশফিকও। বিভিন্ন সময়ে সাকিব-তামিম সরে দাঁড়ালেও প্রিমিয়ার লিগে নিয়মিত মুখ ছিলেন মুশফিক। বিশ্বকাপের কারণে এবার এই উইকেটকিপার ব্যাটসম্যানকে দেখা যাবে না প্রিমিয়ার লিগে।
নিউজিল্যান্ড সফর শেষে জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম, মানসিকভাবে চাঙ্গা রাখতে চান রোডস। যার ফলে সুযোগ থাকলেও জাতীয় দলের ক্রিকেটাররা লিগে খুব কম ম্যাচই খেলবেন।
তবে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের বাকি দুই সদস্য মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ খেলবেন প্রিমিয়ার লিগে। তারাই পাচ্ছেন লিগে সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ লাখ টাকা। মাশরাফিকে ধরে রেখেছে আবাহনী। মাহমুদউল্লাহর ক্লাব ঠিক হবে আজকের প্লেয়ার্স ড্রাফটে।
ড্রাফটে এ-প্লাস ক্যাটাগরিতে আরও আছেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন। বিজয় ২৬ লাখ, নাসির ২৩ লাখ ছাড়া এ তালিকার বাকি সবার পারিশ্রমিক ২৫ লাখ টাকা।
এর মধ্যে মুস্তাফিজ, মিরাজ, লিটন, রুবেলরা পুরো লিগ খেলতে পারবেন না। তারাসহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররা কত তারিখ থেকে প্রিমিয়ার লিগ খেলতে পারবেন তা ড্রাফট তালিকায় উল্লেখ করে দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। ‘এ’ ক্যাটাগরিতে মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলামদের পারিশ্রমিক ধরা হয়েছে ২৩ লাখ টাকা করে। যদিও টেস্ট দলে থাকায় তিনজনই প্রিমিয়ার লিগের বড় অংশ মিস করবেন।
গত বছর কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল। যদিও কলাবাগানের অবনমন হয়েছিল প্রিমিয়ার লিগ থেকে। আশরাফুলের ঠাঁই হয়েছে বি-প্লাস ক্যাটাগরিতে। তার পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা। অবশ্য সদ্য সমাপ্ত বিপিএলে ফ্লপ ছিলেন আশরাফুল।
এদিকে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরছেন সাব্বির রহমান। প্রথম বিভাগ ক্রিকেট থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা উত্তরা স্পোর্টিং ক্লাব দলে টেনেছে সাব্বির ও দুই বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলামকে। জাতীয় ক্রিকেট লিগে দর্শক পেটানো ও ম্যাচ অফিসিয়ালদের হুমকি-ধামকি দেওয়ার কারণে গত বছর ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ ছিলেন সাব্বির।
