শীর্ষ তারকাদের মধ্যে কেবল নাদালই খেলবেন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

নতুন আদলে ডেভিস কাপ

স্পোর্টস ডেস্ক

রাফায়েল নাদালের স্পেন ডেভিস কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়াকে আতিথ্য দেবে। টেনিসের শীর্ষ চার তারকার মধ্যে নাদালই একমাত্র খেলোয়াড় যিনি নতুন করে সাজানো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। নাদাল স্পেনের হয়ে চারবার শিরোপা জয়ে অংশ নিয়েছেন। স্পানিশ খেলোয়াড়টি এও জানিয়েছেন যে চলতি বছরের ১৮ থেকে ২৪ নভেম্বর মাদ্রিদে অনুষ্ঠিতব্য ডেভিস কাপের ফাইনালে অংশ নিতে চান তিনি। নাদাল ২০০৪, ২০০৮, ২০০৯ ও ২০১১ সালের আসর জয়ী স্পেন দলে খেলেছেন।

গত বৃহস্পতিবার ডেভিস কাপের চূড়ান্ত পর্বের ড্র অনুষ্ঠিত হয়। কিন্তু এ পর্বে দেখা যাবে না নাদালের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। ফেদেরারের সুইজারল্যান্ড এ পর্বে খেলার যোগ্যতা অর্জন করেনি। বৃটেনের মারে একরকম অবসরই নিয়ে ফেলেছেন। অপরদিকে বিশ্বের এক নম্বর খেলোয়াড় জকোভিচ জানিয়েছেন তিনি আগামি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এটিপি ওয়ার্ল্ড টিম কাপের জন্য মনোযোগ দিতে চান। জকোভিচের সার্বিয়াও ডেভিস কাপের চূড়ান্ত পর্বে ওঠা ১৮ দলের অন্যতম।  

ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন দেশের যে প্রতিযোগিতাগুলো হয়, তার মধ্যে সবচেয়ে বড় ১৯০০ সালে প্রতিষ্ঠিত ডেভিস কাপ। কিন্তু অনেক বড় খেলোয়াড়রা এই প্রতিযোগিতা ত্যাগ করায় ডেভিস কাপ দর্শক হারাতে থাকে। টুর্নামেন্টটিতে প্রাণ ফেরাতে টেনিসের বিশ্ব সংস্থা ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) কসমস নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানের সাথে ৩০০ কোটি ডলারে ২৫ বছরের চুক্তি করেছে। এই প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার আবার বার্সেলোনা ফুটবলার জেরার্ড পিকে।

অতি সম্প্রতি স্পেনের ধনাঢ্য ফুটবল সংগঠন লা লিগা আগামি চার বছরের জন্য টেনিসের বিশ্বকাপ হিসেবে পরিচিত ডেভিস কাপের পৃষ্ঠপোষক হয়েছে। যদিও লা লিগা কর্তৃপক্ষ কি পরিমাণ অর্থ দিবে তা প্রকাশ করা হয়নি। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন নতুন আদলে সাজানো ডেভিস কাপ সফল হবে।

চূড়ান্ত পর্বের দেশগুলো

পুল এ- ফ্রান্স, সার্বিয়া ও জাপান। পুল বি- ক্রোয়েশিয়া স্পেন ও রাশিয়া। পুল সি- আর্জেন্টিনা, জার্মানি ও চিলি। পুল ডি- বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও কলম্বিয়া। পুল ই- বৃটেন, কাজাখস্তান ও নেদারল্যান্ডস। পুল এফ- যুক্তরাষ্ট্র, ইতালি ও কানাডা।