চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
স্বাগতিক ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ১-১ গোলের ড্রয়ে শুরু হলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল। গতকাল রবিবার ফেনীর শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলার শুরুতেই মিনহাজুল ইসলাম ফেনীকে এগিয়ে দেন। পরে ব্রাহ্মণবাড়িয়াকে সমতায় ফেরান স্ট্রাইকার সৌরভ। খেলাটি দেখতে দর্শকে ভরপুর হয়ে গিয়েছিল ফেনী স্টেডিয়াম।
এর আগে চট্টগ্রাম বিভাগের কমিশনার মো. আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন, ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার সহ বিভিন্ন জেলার প্রশাসক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণ প্রমুখ।
