জামালপুরের সাত উপজেলার চারটিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

উপজেলা পরিষদ নির্বাচন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সাতটি উপজেলার মধ্যে চারটি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চারজন চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন, জামালপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হোসেন। মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। মাদারগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুর রহমান বেলাল এবং সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন পাঠান। মেলান্দহ, মাদারগঞ্জ এবং সরিষাবাড়ি এই তিন উপজেলায় বিকল্প কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করেনি। এ ছাড়া জামালপুর সদর উপজেলায় জাতীয় পার্টির পক্ষে কাজী নজরুল ইসলাম নামে একজন মনোনয়নপত্র দাখিল করলেও তা যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়।

অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন সোলাই বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করলেও উপজেলা নির্বাচন অফিস থেকে যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করা হয়। পরে সে জেলা রিটার্নিং অফিসে আপিল করলে শুনানি শেষে তার প্রার্থিতা পুনর্বহাল করে।

ইসলামপুর উপজেলায়:চেয়ারম্যান পদে মোট তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র, বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া। অপর প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, বর্তমানে জাতীয় পার্টি থেকে দলীয় মনোনীত প্রার্থী হিসাবে মশিউর রহমান বাদল তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন। 

বকশীগঞ্জ উপজেলায়:চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় তার বিপরীতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। এ ছাড়া বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান পাভেল গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আগামী ১০ মার্চ প্রথম পর্যায়ে ৮৭ উপজেলা নির্বাচনের মধ্যে জামালপুর জেলার সাতটি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে দেওয়ানগঞ্জ, ইসলামপুর এবং বকশীগঞ্জ উপজেলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। অবশিষ্ট ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ ছাড়া শুধু সাত উপজেলা নির্বাচনে সংরক্ষিত মহিলা-পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।