মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার পাঁচ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

ইত্তেফাক ডেস্ক

সারাদেশে মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বেশ কিছু মাদকদ্রব্য। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নীলফামারী: র্যাবের অভিযানে ৯২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবয়াসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২। শনিবার রাতে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের টুনিরহাট বাজারের বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাবুলাল দেবনাথকে গ্রেপ্তার করা হয়। রাতেই র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর ডিএডি শাহ আলম আসামি করে ডিমলা থানায় মাদক মামলা দায়ের করেন।

লালমোহন (ভোলা): লালমোহনে ২১৮ পিস ইয়াবাসহ মিরাজ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে এসআই মাহাবুব, এএসআই ইউসুফ, মামুন, জাহের, বাশার ও পুলিশ সদস্য জসিমের নেতৃত্বে পৌরসভার ৬নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরাজ লালমোহন পৌরসভার নবসৃষ্ট ১০নং ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, মিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুর উপজেলার জলুলী সীমান্ত থেকে ২শ’ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জলুলী মোড় থেকে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে ২শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, মাদক আইনের মামলায় আসামিকে জেল-হাজতে পাঠানো হয়েছে।  

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জে প্রায় সাড়ে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ শাখার র্যাব সদস্যরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি দল শিবগঞ্জ উপজেলাধীন নয়ালাভাঙ্গ ইউনিয়নের বাবুপুর মিরাটুলী গ্রামের  বুলবুল মিঞার বাড়ির সামনে অভিযান চালিয়ে চার হাজার ৪শ’ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল সেট ও নগদ ১৮০ টাকাসহ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর গ্রামের জোবদুল হকের ছেলে কাবিল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে পুলিশের সহায়তায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উল্লাপাড়ার হাইওয়ে থানা পুলিশ একটি কোচে তল্লাশি চালিয়ে ৯৪ বোতল ফেনসিডিলসহ পলাশ হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, কোচটি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। হাটিকুমরুল গোল চত্বরে পুলিশ কোচে তল্লাশি চালায়। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।