মোবারকগঞ্জ চিনিকলে চিনি দিয়ে বেতন-ভাতা পরিশোধ!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৮

আখ চাষিদের পাওনা ৩৩ কোটি টাকা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক-কর্মচারীদের বেতনের টাকার বদলে চিনি দেওয়া হচ্ছে। এ দিকে, আখ চাষিদের পাওনা দাঁড়িয়েছে ৩৩ কোটি টাকা।

মিলটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলি শিকদার জানান, শুক্রবার পর্যন্ত মিলটি চাষিদের কাছ থেকে ৯৩ হাজার ৫৫০ টন আখ ক্রয় করে, যার মূল্য প্রায় ৩৬ কোটি টাকা হবে। মাত্র তিন কোটি টাকা চাষিদের পরিশোধ করা হয়েছে। মিলের কাছে বিক্রিত আখের মূল্য বাবদ আখ চাষিদের পাওনা দাঁড়িয়েছে ৩৩ কোটি টাকা। প্রতিদিনই চাষিদের পাওনা টাকার পরিমাণ বাড়ছে। উত্পাদিত চিনি বিক্রি না হওয়ায় চাষিদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না। তিনি আরো জানান, চলতি বছরে এ পর্যন্ত ৫ হাজার ১৯০ টন চিনি উত্পাদিত হয়েছে। গত বছরের অবিক্রিত চিনিসহ মিলে ৫ হাজার ৪২৯ টন চিনি মজুদ রয়েছে। মিলে প্রতি টন চিনির দাম ৫০ হাজার টাকা। মজুদ চিনির মূল্য ২৭ কোটি সাড়ে ১৪ লাখ টাকা। মিলের রেটের চেয়ে খোলা বাজারে কম দামে চিনি বিক্রি হচ্ছে। এ জন্য মিলের ডিলাররা চিনি তুলছেন না।

এ ব্যাপারে মোবারকগঞ্জ চিনিকল আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মণ্টু বলেন, পাওনা টাকার জন্য ঘুরতে ঘুরতে চাষিরা  ধৈর্য হারিয়ে ফেলেছে। তিনি চাষিদের পাওনা দ্রুত পরিশোধের দাবি জানান।

মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান জানান, টাকার বদলে চিনি দিয়ে কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে।  প্রতি কেজি ৫০ টাকা দর ধরা হচ্ছে। এ চিনি ব্যবসায়ীদের কাছে ৪২ টাকা থেকে ৪৪ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এতে লোকসান হচ্ছে কিন্তু কোনো উপায় নেই।