ইত্তেফাক ডেস্ক:
বিভিন্ন স্থানে পুলিশের মাদক বিরোধীসহ বিশেষ অভিযানে অর্ধশতাধিককে গ্রেফতার করা হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
রংপুর: রংপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে গত ২৪ ঘন্টায় পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে ৩০ জনকে গ্রেফতার করে। রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতের মধ্যমে জেলা হাজতে পাঠানো হয়।
মাগুরা :মাগুরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকসহ নানা ধরনের অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আগৈলঝাড়া (বরিশাল): আগৈলঝাড়ায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির সামনের রাস্তা থেকে ফুল্লশ্রী গ্রামের আলতাফ ফকিরের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক রুবেল ফকিরকে ১২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই সুজন হালদার। গ্রেফতারকৃত রুবেল থানা পুলিশের সোর্সের পাশাপাশি ইয়াবা ব্যবসা করে আসছিল। রবিবার সকালে রুবেলকে আদালতে প্রেরণ করে পুলিশ।
মধুখালী (ফরিদপুর): শনিবার সন্ধ্যায় মধুখালী থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৫৭পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম গোন্দারদিয়া গ্রামের মৃত. মোসলেম মল্লিকের ছেলে ইমদাদুল মল্লিক।
