জলবায়ুর প্রভাবে গমের উত্পাদন কমছে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

সিমিট’র সাথে কাজ করতে চায় বাংলাদেশ

ইত্তেফাক রিপোর্ট 

আবহাওয়া ও জলবায়ুর কারণে দেশে গম উত্পাদন কমে যাচ্ছে। দেশের কৃষি বিজ্ঞানীদের প্রশিক্ষণ ও আবহাওয়া উপযোগী স্বল্প সময়ের গম ও ভুট্টার জাত উদ্ভাবনে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট) সাথে কাজ করতে চায় বাংলাদেশ। গতকাল রবিবার সচিবালয়ে নিজে কার্যালয়ে আন্তর্জাতিক গম ও ভুট্টা উন্নয়ন কেন্দ্রের (সিমিট) প্রতিনিধিবৃন্দের সাথে সাক্ষাত্কালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ আগ্রহের কথা জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সিমিটের মহাপরিচালক ড. মার্টিন করপ।

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে খাদ্য হিসেবে ভাতের উপর আমাদের নির্ভরতা কমে যাচ্ছে। ভোক্তারা গম এবং ভুট্টাজাত খাবার ফাস্টফুড হিসেবে গ্রহণ করছে। ফলে গম ভুট্টার নতুন নতুন জাত উদ্ভাবন করতে হবে। তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণের ইন্ডাস্ট্রি স্থাপন ও কৃষিতে বিনিয়োগ বৃদ্ধিতে সিমিট-এর সহায়তা চান।

ড. রাজ্জাক বলেন, আমাদের দেশের জলবায়ু ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী। দেরিতে হলেও আমাদের দেশে ভুট্টা আবাদের এলাকা ও উত্পাদন দিনে দিনে বাড়ছে। আমাদের ভুট্টা উত্পাদন আরও বৃদ্ধি করতে হবে।  প্রতি বছর ৩০ লাখ টন ভুট্টা আমদানি করতে হয় জানিয়ে তিনি বলেন, দেশের পোল্ট্রি ও মত্স্য খামারে এই পুষ্টিমান সম্পন্ন ভুট্টার বেশ চাহিদা রয়েছে। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে ভুট্টার গুরুত্ব অপরিসীম।