মামলার জট কমাতে রংপুর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৭

রংপুর অফিস

মামলার জট ও বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রংপুরের জেলা প্রশাসন। রংপুরের ৮ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত একটির পরিবর্তে আরও একটি আদালতের ব্যবস্থা করা হয়েছে। ফলে ৮ উপজেলার বিচারপ্রার্থীদের জন্য এখন দুটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার থেকে শুরু হয়েছে আদালতের কার্যক্রম।

আদালতের কার্যক্রম প্রসঙ্গে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হাবীব বলেন, রংপুরের ৮ উপজেলার নির্বাহী মামলা নিষ্পত্তির জন্য একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ছিল, ফলে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সময়মতো বিচার কাজে বসতে পারত না। এতে করে মামলার জট যেমন বাড়ছিল তেমনি দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের অনেক দুর্ভোগের সৃষ্টি হতো। মামলার জট ও বিভিন্ন উপজেলা থেকে আগত বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে স্থান সংকট থাকা সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় একটি কক্ষে আধুনিকভাবে সাজসজ্জায় আরও একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ব্যবস্থা করা হয়েছে। এখন বিচারপ্রার্থীদের যেমন দুর্ভোগ কমবে তেমনই মামলার জটও কমবে।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মত্ শুকরিয়া পারভীন জানান, স্বল্প সময়ে যেসব মামলার নিষ্পত্তি সম্ভব সেই সব মামলা পেন্ডিং হয়ে আছে। দুটি আদালতে ৮ উপজেলার মামলাগুলো ভাগ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিচার কাজ সম্পন্ন করতে পারলে দ্রুত জট কমে আসবে। বর্তমানে ৫৬৩ মামলা পেন্ডিং আছে বলে তিনি জানান।

আইনজীবী সমিতি রংপুরের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ চৌধুরী কবীর গুঞ্জন জানান, দুটি আদালত হওয়ায় বিচারপ্রার্থীদের কষ্ট লাঘব হবে, সেই সঙ্গে আইনজীবীদের জন্য মামলা পরিচালনা সহজ হবে।