ইত্তেফাক রিপোর্ট
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে হিজড়াদের চাঁদাবাজিসহ নানা ধরনের বিড়ম্বনার বিষয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বরিশাল-৩ আসনের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। গতকাল রবিবার সংসদে এক প্রশ্নে এই এমপি বলেন, ‘কারো বাচ্চা হলে বাসায় হিজড়াদের উত্পাত, মোটা অংকের টাকা দিয়া মানুষের পরিত্রাণ পাইতে হয়। হিজড়াদের স্থায়ীভাবে পুনর্বাসনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না?’ তার এই প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, হিজড়াদের স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য ১০টি জেলায় আবাসনের পরিকল্পনা রয়েছে।
টিপুর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতধারায় আনতে ৫০ দিন করে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রশিক্ষণোত্তর আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ পর্যন্ত ৭ হাজার ৬৫০ জনকে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণোত্তর সহায়তা দেওয়া হয়েছে। ৫০ বছর বা তদূর্ধ্ব বয়সের ২৫০০ জনকে অক্ষম ও অসচ্ছল হিজড়াদের বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা হিসেবে মাসিক ৬০০ টাকা করে দেওয়া হচ্ছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, বর্তমানে দেশে ৪০ লাখ লোককে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন এই সংখ্যা আরও বাড়াতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো সন্তান যদি পিতা-মাতার খবর না রাখে, সেক্ষেত্রে পিতা-মাতাকেও ভাতা দেওয়া হবে।
