মগবাজার ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে মগবাজার থেকে বাংলা মোটরমুখী ফ্লাইওভারের ন্যাশনাল ব্যাংকের কাছে এই ঘটনা ঘটে বলে রমনা থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান। নিহত সাইফুর রহমানের (২৭) বাড়ি রংপুর জেলার পীরগঞ্জে। এর বাইরে তার সম্পর্কে আর কিছুই জানাতে পারেনি পুলিশ। এটা আত্মহত্যা না-কি কেউ তাকে ফেলে দিয়েছে, না দুর্ঘটনাবশত ঘটেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না বলে জানিয়েছেন এসআই আনিসুর। তবে তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, বিকালে তিনি মগবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এক যুবক পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান। তাকে উদ্ধার করে প্রথমে হলি ফ্যামেলি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছু সময় চিকিত্সার পর ডাক্তারের পরামর্শে বিকাল ৫টার দিকে ঢাকা  মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। পড়ে যাওয়ার পর সে কিছু কথা বলেছে। এ সময় সে তার নাম সাইফুর রহমান, বাবা- বাবুল মিয়া, নিরাপাড়া, পীরগঞ্জ, রংপুর বলে জানালেও তার পেশা বা কিভাবে পড়ল সে বিষয়ে কিছু বলতে পারেনি বলে জানান এসআই আনিসুর।