বিশ্বে যানজটের শীর্ষে ঢাকা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

ইত্তেফাক রিপোর্ট

যানজটের শহর হিসেবে বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান নিল ঢাকা শহর। শুধু তাই নয়, সময় অপচয় ও ট্রাফিক অদক্ষতা সূচকেও শীর্ষে রয়েছে ঢাকা। বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘নামবিও’র প্রকাশিত ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯ এ তথ্য উঠে এসেছে। শনিবার নামবিওর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২০১৮ এবং ২০১৭ সালে যানজটে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয় এবং ২০১৫ সালে ছিল অষ্টম।

বিশ্বের সবচে বেশি ট্রাফিক জ্যামের শহর ঢাকা— এ প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা বাস্তব চিত্র নয়। বাংলাদেশের উন্নয়ন খাটো করার জন্য একটি সিন্ডিকেট কাজ করছে। যারা উন্নয়নে ঈর্ষান্বিত হয়, তারাই এ কাজ করছে। গতকাল বনানীতে নবনির্মিত বিআরটিএ ভবনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় তিনি এ কথা বলেন। 

নামবিওর তালিকায় দেখা যায়, যানজটের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের কলকাতা। আর তৃতীয় অবস্থানে রয়েছে নয়াদিল্লি। চতুর্থ স্থানে রয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি। পঞ্চমে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ষষ্ঠ শ্রীলঙ্কার কলম্বো, সাতে আছে মুম্বাই শহর। ফিলিপাইনের ম্যানিলা আছে অষ্টম স্থানে। আর নবম অবস্থানে আছে আরব আমিরাতের সারজাহ এবং ১০ম অবস্থানে আছে ইরানের তেহরান।

যানজটের জন্য ঢাকার স্কোর হচ্ছে ২৯৭ দশমিক ৭৬। কলকাতার স্কোর ২৮৩ দশমিক ৬৮। ভারতের রাজধানী দিল্লিকে দেওয়া হয়েছে ২৭৭ দশমিক ৮১ স্কোর। নাইরোবির স্কোর ২৭৭ দশমিক ৬৬। আর জাকার্তার স্কোর হচ্ছে ২৭৪ দশমিক ৩৯। এ দিকে ২০১৯ সালেও বিশ্বের সবচে কম যানজটপূর্ণ শহরের মধ্যে গতবারের শীর্ষস্থান ধরে রেখেছে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এরপর রয়েছে চেক রিপাবলিকের শহর বিয়ারনো, ডেনমার্কের কোপেনহেগেন, সুইডেনের গোথেনবার্গ এবং এরপর রয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট।

বিভিন্ন দেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ ২০৭টি শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করেছে নামবিও। তালিকা প্রণয়নে কয়েকটি উপসূচক ব্যবহার করেছে নামবিও। এর মধ্যে রয়েছে সময় উপসূচক, সময় অপচয় উপসূচক, অদক্ষতা উপসূচক ও কার্বন নিঃসরণ সূচক। এর মধ্যে সময়, সময় অপচয় ও অদক্ষতা সূচকে ঢাকার অবস্থান রয়েছে শীর্ষে। আর কার্বন নিঃসরণ সূচকে ঢাকার অবস্থান ১০৯তম আর কলকাতা আছে ১১০-এ।

সময় সূচকের ক্ষেত্রে কোনো গন্তব্যে পৌঁছানোকে বোঝানো হয়েছে। এ ক্ষেত্রে কর্মস্থল বা স্কুলে যাতায়াত সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে। আর সময় অপচয় উপসূচকে অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। অদক্ষতার সূচক মূলত ট্রাফিক ব্যবস্থাপনায় অদক্ষতা নির্দেশ করে। আর যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক। প্রতিষ্ঠানটি বলছে, মানুষ সময় বাঁচাতে গণপরিবহন বাদ দিয়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে। এতে করে রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে গেছে।

অনলাইনভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ‘নামবিও’ প্রকাশিত তথ্য বিবিসি, ফোর্বস, দ্য নিউইয়র্ক টাইমস, বিজনেস ইনসাইডার, টাইম, দ্য ইকোনমিস্ট, চায়না ডেইলি, দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য টেলিগ্রাফসহ বিশ্বের খ্যাতনামা সংবাদপত্র ব্যবহার করে থাকে।