ইত্তেফাক রিপোর্ট
বিএনপি বলেছে, আসন্ন উপজেলা নির্বাচনসহ এই সরকারের অধীনে যে কোনো নির্বাচনে বিএনপির কেউ অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দল থেকে বহিষ্কার করা হবে। গতকাল রবিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।
রিজভী বলেন, আগামী উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এদেশে মিড নাইট নির্বাচনের প্রধান কারিগর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি মিড নাইট নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন, তারপরেও অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণ করবে তা তিনি কী করে আশা করতে পারেন! রুহুল কবির রিজভী বলেন, আপনারা সবাই লক্ষ্য করেছেন- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ। কোথাও কোনো সাড়াশব্দ নেই, মানুষ নিরব ও উত্সাহহীন। সিইসি গণতন্ত্রের কবর দিয়েছেন ২৯ ডিসেম্বর রাতেই। তিনি বলেন, ভোট ডাকাতি নিয়ে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে না ঘটে সেটিকে বন্ধ করার জন্য সরকারি যন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেই সরকারবিরোধী দলকে কোনো সভা-সমাবেশ করতে নানাভাবে বাধা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ও ওলামা দলের শাহ মো.মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
