শোক সংবাদ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১২

মমতাজ উদ্দিন

বগুড়ার প্রবীণ রাজনীতি-বিদ, মুক্তিযোদ্ধা ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন (৭৫) রবিবার ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে যান। রবিবার বাদ যোহর বগুড়ার ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। এর আগে গার্ড অব অর্নারের মাধ্যমে সালাম জানানো হয়। বাদ আছর স্থানীয় মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চিরশায়িত করা হয়েছে। তিনি বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ‘প্রভাতের আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।

ইকরাম উদ্দিন মোল্লা

উসমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা’র কনিষ্ঠ পুত্র ওসমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ইকরাম উদ্দিন মোল্লা (৩১)  গতকাল রবিবার বিকালে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক মো. ফিরুজ খান গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।