স্বাস্থ্য বিভাগের কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৩

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

g মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য বিভাগের চিকিত্সক এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, যদি কেউ অন্যায় করে, কেউ ডিউটি পালন না করে, সেখানে আমাদের আর ছাড় দেওয়ার সুযোগ নাই। আইনি ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের উপায় নেই। আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো। কারণ জনগণকে সেবা দেব না, কর্মস্থলে থাকবো না এবং জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমরা বেতন নেব-এটা গ্রহণযোগ্য হবে না। কাজেই এ বিষয়ে যা কিছু পদক্ষেপ নেওয়ার আমরা নেব।

শনিবার বিকেলে মানিকগঞ্জে কর্নেল (অব.) এ মালেক সরকারি মেডিক্যাল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব বলেন। 

তিনি আরো বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে পরে যেকোনো অসাধ্যকে সাধন করতে পারে। বর্তমানে জাতি প্রধানমন্ত্রীর পেছনে ঐক্যবদ্ধভাবে আছে এবং এই ঐক্যের পরিচয় আমরা পেয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের সময়।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আমিনুল ইসলাম, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রমুখ।