কাতারে সড়ক দুর্ঘটনায় না’গঞ্জের রনি নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৪

g স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

স্বপ্ন ছিল বিদেশে গিয়ে বাবা-মা, ভাই-বোনের মুখে হাসি ফোটাবে। পরিবারের লোকজন কিছুটা স্বাচ্ছন্দ্যে থাকবে। কিন্তু সেই আশা পূরণ হলো না বন্দরের জিওধরা এলাকার মকবুল দেওয়ানের ছেলে রনির (১৯)। গত ১৩ ফেব্রুয়ারি কাতারের দোহায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। রনির নিহত হওয়ার খবরে তার বাড়িতে এখন শোকের মাতম।

জিওধরা এলাকার মকবুল দেওয়ানের ছেলে রনি ৩ মাস আগে কাতারের দোহায় ফাস্ট এগ্রিকালচার কোম্পানিতে চাকরি নিয়ে যান। গত ১৩ ফেব্রুয়ারি দোহারের সড়কে স্থানীয় সময় সকাল ১০টার দিকে গাছের সৌন্দর্য বর্ধনের কাজ করার সময় বেপরোয়া গতির একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। কাতার পুলিশ লাশ উদ্ধার করে সরকারি হাসপাতালের হিমঘরে রেখেছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কবেনাগাদ লাশ দেশে আসবে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।