g স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
প্রবীর ঘোষের ঘাতক বন্ধু সেই পিন্টু দেবনাথের দোকান পিন্টু স্বর্ণালয় খুলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর মডেল থানা পুলিশের উপস্থিতিতে দোকানটির তালা ভেঙে এর বাড়িওয়ালাকে দোকান এবং স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতিকে মালামাল বুঝিয়ে দেওয়া হয়। তবে আদালতের নির্দেশনা ছাড়াই দোকান বুঝিয়ে দেওয়াটাকে রহস্যজনক বলেই মনে করছেন অনেকে। কেননা দোকান বুঝে নেওয়ার আগে পিন্টুর ভাই মাখনের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে একটি জিডি করেন স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন সভাপতি অরুণ কুমার দত্ত। এর কিছু আগে পিন্টুর ফাঁসি দাবি করে শহরে মিছিলও বের করেন তারা। এরপরই দোকানের তালা ভাঙা হয়।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলছেন, মামলাটির যেহেতু চার্জশিট হয়ে গেছে তাই আইনী কোনো জটিলতা নেই দোকান বুঝিয়ে দিতে। কেননা দোকানের মালিক সেটি ভাড়া দেবেন। পিন্টু দেবনাথের দোকানে মালামাল বলতে কেবল একটি সিন্দুক ও শোকেস পাওয়া গেছে।
