আরও এক গৃহবধূর লাশ উদ্ধার
g ইত্তেফাক রিপোর্ট
সাভার উপজেলার আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম শম্পা আক্তার (২৮)। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেন পলাতক রয়েছে। শনিবার রাতে আশুলিয়ার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শম্পার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার সদর এলাকায়। তিনি তার স্বামী বিল্লাল হোসেনের সাথে আশুলিয়ার দুর্গাপুর উত্তরপাড়া এলাকার সুলতান ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাউর্দান গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে বিল্লাল হোসেন তার স্ত্রী শম্পা আক্তারকে যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে কয়েক লাখ টাকা আনার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু শম্পা যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় শনিবার সন্ধ্যায় দু’জনের মধ্যে ঝগড়া হয়। পরে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় পাষণ্ড স্বামী। পরে রাতে বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা ঘটনাটি আশুলিয়া থানায় জানান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর হোসেন নয়ন ভূঁইয়া জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী পালিয়ে গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। হত্যাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকা থেকে হাসনা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে গেছে তার স্বামী রিকশাচালক নয়ন। গতকাল সকালে আশুলিয়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের গ্রামের বাড়ি দিনাজপুরে বলে জানিয়েছে পুলিশ।
