আজ নাগেশ্বরীর বেরুবাড়ী গণহত্যা দিবস

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৮

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

আজ নাগেশ্বরীর বেরুবাড়ী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনী ১৬ নিরীহ গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।

মুক্তিযুদ্ধের সময় বেরুবাড়ী ইউনিয়নের চর বেরুবাড়ী গ্রামে মুক্তিবাহিনীর একটি দল ঘাটি স্থাপন করে। খবর পেয়ে পাকবাহিনী রাজাকারদের সহযোগিতায় গ্রামটি তিন দিক থেকে ঘিরে ফেলে অগ্নিসংযোগ, গোলা বর্ষণ করে মুক্তিবাহিনীর ঘাটির দিকে এগুতে থাকে। এ সময় পাক বাহিনী শত শত নিরীহ গ্রামবাসীকে আটকিয়ে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। এ অবস্থায় মুক্তিবাহিনী পাক বাহিনীদের প্রতিরোধের চেষ্টা চালায়। কিন্তু নিরীহ নিরপরাধ গ্রামবাসীদের মানব ঢাল হিসেবে দেখে গুলি না চালিয়ে পিছু হটে দুধকুমর নদের পূর্ব পাড়ে আশ্রয় নেয়। এ সময় পাকবাহিনীর গুলিতে ছয়জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

ক্ষুদ্ধ পাক হানাদার বাহিনী আটক নিরীহ গ্রামবাসীদের মধ্য থেকে রাজাকারের মাধ্যমে ১৯ জনকে বাঁছাই করে চর বেরুবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে। ঘটনাস্থলে ১৬ জন মৃত্যুবরণ করলেও ভাগ্যচক্রে বেঁচে যাওয়া গুলিবিদ্ধ তিনজন লাশের স্তুপের নিচে নিঃস্তব্ধ পড়ে থাকেন। পরে পাকসেনা ও রাজাকাররা সেখান থেকে চলে গেলে তারা কোনমতে সেখান থেকে উঠে পালিয়ে যায়। পরদিন ইদ-উল-ফিতরের সকালে শোকে মুহ্যমান স্বজন ও গ্রামবাসীরা তাদের পুরোনো কাপড়ে জড়িয়ে দ্রুত সমাহিত করে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আজও সেই দুঃসহ স্মৃতির কথা ভোলেনি চর বেরুবাড়ীবাসী।