শেখ হাসিনার নেতৃত্বেই দুর্নীতি দমন সম্ভব --------------আইনমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিভিন্ন কারণে বাংলাদেশে দুর্নীতি দমন একটি চ্যালেঞ্জিং ইস্যু। এটা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দমন করা সম্ভব। কারণ তিনি তার দেশপ্রেম, প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শিতার মাধ্যমে অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। তিনি বলেন, এদেশে আর দুর্নীতি হতে দেওয়া যায় না। এটা দেশের উন্নয়নকে ব্যাহত করেছে। যে কোনো মূল্যে আমাদের দুর্নীতি দমন করতে হবে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘দুর্নীতিবিরোধী অভিযান ও নেতৃত্বের সাফল্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক প্রফেসর ড. মীজানুর রহমান।

আইনমন্ত্রী বলেন, শুধুমাত্র আইন দিয়ে দুর্নীতি দমন করা যায় না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতি দূর করতে শিক্ষা ব্যবস্থার সিলেবাস পরিবর্তন করতে হবে। সমন্বিত উদ্যোগ নিতে হবে। সদা সত্য কথা বলিব আমরা ছোট বেলায় আদর্শলিপি থেকে শিখেছি। এটা কিন্তু আমাদের মাইন্ড সেট পরিবর্তন করে দেয়। আমাদের শিশুদের যদি এ সব মূল্যবোধ সম্পর্কে পড়ানো হয়, তা হলে তারা বড় হয়ে দুর্নীতি করবে না। এ জন্য আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এ সব সিলেবাসে অন্তর্ভুক্ত করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করব। আমি চেষ্টা করব নার্সারি থেকে আমাদের পাঠ্যবইয়ে এরকম আদর্শের কথা যেন লেখা হয়। আদর্শ না মানলে তার পরিণাম কি হয়, সে সম্পর্কে বলা থাকবে।

আইনমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে দুর্নীতির পথগুলো ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। দুর্নীতির পরিমাণ হ্রাস পাচ্ছে।

প্রথমেই প্রগতিশীল কলামিস্ট ফোরামের সদস্য সচিব সৌরভ জাহাঙ্গীর স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ, মেজর জেনারেল (অব.) একে মোহাম্মদ আলী শিকদার, সাবেক সচিব মোঃ নাসির উদ্দিন, কলামিস্ট ড. মিল্টন বিশ্বাস, সুভাষ সিংহ রায় প্রমুখ।