পুলিশ হেফাজত থেকে বোমারু মিজানকে ছিনতাইয়ের ছক বানচাল করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেফতার জেএমবির এক জঙ্গিকে জেরা করেই এই ছকের খবর জানা গেছে, বলে এসটিএফ সূত্রের দাবি।
পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গি আরিফুল ইসলাম ওরফে আতাউর আসামের বাসিন্দা। আদালতে যাওয়ার পথে বোমারু মিজান ওরফে কওসরকে ছাড়িয়ে নেওয়ার ছক কষেছিল সে। আরিফুল বুদ্ধগয়ায় বিস্ফোরণের ঘটনার সঙ্গেও জড়িত।
২০১৪ সালে ময়মনসিংহের ত্রিশালে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে বোমারু মিজানকে নিয়ে পালিয়ে ছিল জঙ্গিরা। সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে বোমারু মিজান ‘কওসর’ নাম নিয়ে থাকতে শুরু করে। তৈরি করে জেএমবির নেটওয়ার্ক।
জানা গেছে, কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দি মিজানকে আদালতে নিয়ে যাওয়ার পথে হামলা করে ছাড়িয়ে নেওয়ার ছক কষা হয়েছিল। সে কারণেই কলকাতায় থাকতে শুরু করে আরিফুল। কলকাতার একটি গোপন ডেরায় বসে ছক করতে থাকে, কীভাবে জেল থেকে আদালতে যাওয়ার পথে মিজানকে ছিনিয়ে নেওয়া যায়। সমপ্রতি কওসরকে জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পুরো বিষয়টির রেকি করে সে। কী ধরনের গাড়িতে মিজানকে আদালতে নিয়ে যাওয়া হয়, তাতে কতজন নিরাপত্তারক্ষী থাকেন, এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকে। এরপর হামলার ছক বাস্তবায়নের আগেই তাকে ধরে ফেলে কলকাতা পুলিশ। নতুন করে সাজানো জেএমবির সংগঠনে আর কারা রয়েছে, জানতে আরিফুলকে জেরা করছে পুলিশ।
