g ইত্তেফাক রিপোর্ট
জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ভোটের অনিয়ম নিয়ে গণশুনানি হবে। সরকার এতে বাধা দিচ্ছে। তবে সকল বাধা উপেক্ষা করে ঐক্যফ্রন্ট গণশুনানি করবে।
গতকাল রবিবার বিকালে মতিঝিলে গণফোরামের কার্যালয়ে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব একথা বলেন। তিনি বলেন, গণশুনানি সফল করতে আজ সোমবার সমন্বয় কমিটি বৈঠকে বসবে। এ ছাড়া ১৯ ফেব্রুয়ারি স্টিয়ারিং কমিটি বৈঠক করবে।
বৈঠকে অংশ নেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
