ভারত চ্যানেল পিছু দেয় ২ লাখ, আর বাংলাদেশ থেকে চায় ৫ কোটি রুপি —হাছান মাহমুদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪৬

g তারিক হাসান, কলকাতা প্রতিনিধি

ভারতীয় চ্যানেলগুলি বাংলাদেশে দেখানোর জন্য দেয় ২ লাখ টাকা, আর বাংলাদেশের চ্যানেল দেখানোর জন্য চাইছে ৫ কোটি রুপি করে। শনিবার রাতে কলকাতা প্রেসক্লাব আয়োজিত ‘?মিট দ্য প্রেস’? অনুষ্ঠানে একথা বলেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

কবে থেকে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো ভারতে দেখা যাবে এনিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো চাই ভারতে দেখানো হোক। কিন্তু এখানকার ক্যাবল অপারেটাররা প্রতি চ্যানেলে পাঁচ কোটি টাকা চাইছে। অথচ আমরা ভারতীয় চ্যানেলগুলো থেকে মাত্র দুই লক্ষ টাকা করে নিই। তিনি বলেন, খুব শিগগিরই বাংলাদেশের সরকারি চ্যানেল বিটিভি ভারতে দেখা যাবে। বাকিগুলো নিয়েও কথা চলছে। আপনাদের মাধ্যমে এখানকার ক্যাবল অপারেটারদের বলতে চাই, টাকার অঙ্কটা কমান তাহলেই বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলো আসতে পারবে।

হাছান মাহমুদ ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে বলেন, ভারতের অবদান কোনোদিন ভুলবার নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ভারতের অবদান ইতিহাসে লেখা থাকবে। জঙ্গিবাদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি সমস্যা এখন দুই দেশেরই বড় সমস্যা।

জাল টাকার বিষয়ে তিনি বলেন, চেষ্টা করছি যাতে অচিরেই এসমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অপর এক প্রশ্নে, পাকিস্তান হাইকমিশনারের ঢাকায় আসতে না পারার ব্যাখ্যায় তিনি বলেন, এটা অভ্যন্তরীণ বিষয়, নিশ্চই কিছু সমস্যা আছে। যে কারণে এই পন্থা নিতে হয়েছে।