আইএসের সেই শামীমার সন্তান প্রসব, নাগরিকত্ব অনিশ্চিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:১৩

ইত্তেফাক ডেস্ক

ব্রিটেন থেকে ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় পালিয়ে যাওয়া বাংলাদেশি বংশোদভুত শামীমা বেগম ছেলে শিশুর জন্ম দিয়েছেন বলে তার পরিবারের আইনজীবী জানিয়েছেন। ১৯ বছরের শামীমার এটি তৃতীয় সন্তান। তার আগের দুটি সন্তানই অপুষ্টি এবং বিনা চিকিত্সায় মারা গেছে। সিরিয়ায় গিয়ে এই তরুণী নেদারল্যান্ডস থেকে আসা একজন আইএস যোদ্ধাকে বিয়ে করেছিলেন। মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকা থেকে আরো দুজন বান্ধবীসহ শামীমা আইএসে যোগ দিতে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। তিনি ব্রিটেনের ফেরার আবেদন জানিয়েছেন। শামীমার জন্ম ব্রিটেনে। তিনি ব্রিটিশ নাগরিক। কিন্তু তারপরও তাকে দেশে ফিরতে দেওয়া হবে কিনা তা নিয়ে সরকার এখনো সিদ্ধান্ত দেয়নি। সরকারের একজন মন্ত্রী জেরেমি রাইট বলেন, শামীমা বেগমের সন্তানের নাগরিকত্ব সোজা সাপটা কোনো বিষয় নয়। শামীমাকে তার কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। সে যদি এদেশে ফিরে আসতে পারেও, তাকে বুঝতে হবে সে যা করেছে তার জন্য তাকে জবাব দিতে হবে। -বিবিসি