ঋণ খেলাপির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই : অর্থমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৫

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বলেছেন, ঋণখেলাপির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমি সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই— খেলাপি ঋণ আর বাড়বে না। আমি আগেও বলেছি, অর্থিক খাতকে আমরা ঢেলে সাজাতে চাই। গতকাল রবিবার সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আনা জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণের গৃহীত একটি নোটিসের ওপর দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে অর্থমন্ত্রী একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শিল্প ঋণে সুদের হারে শুভঙ্করের ফাঁকির বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যে কয়েক দফায় ব্যাংক ও আর্থিক খাতের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আমরা ব্যবসাবান্ধব সরকার। এ সরকার ব্যবসায়ীদের বিপক্ষে নয়। ব্যবসায়ীরা ব্যবসা না করলে দেশ থেকে দারিদ্র্য দূর হবে কিভাবে। আমি আশ্বস্ত করতে চাই, শিল্প ঋণের সুদের হারের বিষয়ে অতি শিগগিরই সবাই একটা ফলপ্রসূ পদক্ষেপ দেখতে পাবেন। ক্ল্যাসিফাইড ঋণ আর বাড়বে না।

আরও পড়ুন: ইজতেমার সময় একদিন বাড়ল

মসিউর রহমান রাঙ্গা তার নোটিসে বলেন, বেসরকারি ব্যাংক শিল্প ঋণের সুদের হার এখনও সিঙ্গেল ডিজিটে নামায়নি। এ বছরের জানুয়ারিতে ১১টি ব্যাংক ৯ শতাংশ সুদের শিল্প ঋণ দেওয়ার দাবি করলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবে সাড়ে ১১ থেকে ১৩ শতাংশ সুদ আদায় করা হচ্ছে। কোনো ব্যাংকই ৯ শতাংশ সুদে শিল্প ঋণ দিচ্ছে না। সুদের হিসাবে শুভঙ্করের ফাঁকি রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ ব্যাংকগুলো প্রকৃত সুদহার গোপন রেখে বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠাচ্ছে। যে হারে সুদ নিচ্ছে তার প্রকৃত চিত্র প্রকাশ হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের এ বছরের জানুয়ারির প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে।

ইত্তেফাক/কেআই