বিশ্বে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে আর্থিক প্রবাহ ২০১৭ সালে প্রায় ৬১ ভাগ বেড়েছে। গেল তিন বছরের মধ্যে এই হার সর্বোচ্চ উল্লেখ করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান-২০১৯ প্রতিবেদনে সংস্থাটি উল্লেখ করেছে, ২০১৭ সালে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। দীর্ঘমেয়াদি ঋণ প্রবাহ এসময় প্রায় ৫৮ ভাগ বেড়েছে। তবে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সুখবর নেই। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চীন। বাংলাদেশে খুব ধীরে আসছে বৈদেশিক বিনিয়োগ। ২০১৩ সালের তুলনায় চীনে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রবাহ বেড়েছে প্রায় ৩১ ভাগ। চীন ছাড়া নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে গড়ে ২ শতাংশ হারে বেড়েছে এফডিআই। হিসাব অনুযায়ী ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আট বছরের ব্যবধানে বাংলাদেশে বিদেশি সহায়তা বেড়েছে প্রায় তিনগুণ। ২০০৯ সালে দেশে যেখানে বিদেশি সহায়তা বাবদ আসে ১৯৩ কোটি মার্কিন ডলার সেখানে ২০১৭ সালে এর পরিমাণ দাঁড়ায় ৫৫৩ কোটি ডলারে। সবমিলিয়ে ২০১৭ সাল পর্যন্ত বৈদেশিক সহায়তার স্থিতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৫ কোটি ডলার। আলোচ্য সময়ে বিশ্বব্যাপী ১২১ দেশে বিদেশি সহায়তার স্থিতি ১০ শতাংশ বাড়লেও বাংলাদেশে তা বেড়েছে প্রায় ২২ শতাংশ। অর্থাত্ বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হতে বাংলাদেশ তুলনামূলক বেশি সহায়তা পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বৈদেশিক সহায়তা বাড়লেও সরাসরি বিনিয়োগ বা এফডিআই বাড়ছে খুব ধীরে। গত বছর বাংলাদেশে এফডিআই এসেছে ১৮১ কোটি ৮২ লাখ ডলার। এর আগের বছর এফডিআই বাবদ এসেছিল ২১২ কোটি ৬৮ লাখ ডলার। এক বছরে এফডিআই কমেছে ৩০ কোটি ৮৬ লাখ ডলার। শতকরা হিসাবে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় সাড়ে ১৪ শতাংশ। অর্থাত্ বৈদেশিক সহায়তা পাওয়া গেলেও বিনিয়োগ আকর্ষণে পিছিয়েছে বাংলাদেশ।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মোট ৬০ হাজার ৭০০ কোটি ডলারের সহায়তা এসেছে। আগের বছরের তুলনায় এসব দেশে বিদেশি সহায়তা বেড়েছে ১৮ হাজার ১০০ কোটি ডলার। ২০১৩ সালের পর এই হার সর্বোচ্চ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি বিদেশি সহায়তা বেড়েছে সাব-সাহারান আফ্রিকার দেশগুলোতে। এসব দেশে গত বছর বিদেশি ঋণের স্থিতি বেড়েছে সাড়ে ১৫ শতাংশ। এর মধ্যে এক বছরে নাইজেরিয়ায় ২৯ শতাংশ ও দক্ষিণ আফ্রিকায় ২১ শতাংশ বেড়েছে বিদেশি সহায়তার স্থিতি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গত বছর বাংলাদেশে বিদেশি সহায়তার স্থিতি সর্বোচ্চ বেড়েছে।
