বিমসেটক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকরের তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

আঞ্চলিক বাণিজ্যে বিমসেটক ট্রেড নেগোসিয়েশনকে আরো কার্যকর করার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, আঞ্চলিক বাণিজ্যে বিমসেটকের গুরুত্ব অনেক বেশি। আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাণিজ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সংশ্লিষ্ট সকলে লাভবান হতে পারে। গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রী রাজধানীর একটি হোটেলে বিমসেটক ট্রেড নেগোসিয়েটিং কমিটির দু’দিনব্যাপী ২১তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন,  আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভস ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসেটক) এর মাধ্যমে বাণিজ্যে ১৪টি সেক্টরে সুযোগ-সুবিধা বৃদ্ধির সুযোগ রয়েছে। এ জন্য ৬টি ওয়ার্ির্কং গ্রুপও গঠন করা হয়েছে। নিয়মিত বসে এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। 

সভায় বাংলাদেশ, ভারত, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এর ৩৫জন প্রতিনিধি অংশ নেন। রুলস অফ অরিজিন, ট্রেড ইন সার্ভিস, ইনভেস্টমেন্ট, লিগ্যাল এক্সপার্ট, কাস্টমস কো-অপারেশন, ট্রেড ফেসিলিটেশন এর বিষয়ে ওয়ার্কিং গ্রুপগুলো কাজ করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সচিব মো. শহিদুল হক, বিমসেটকের সেক্রেটারি জেনারেল মো. মহিদুল ইসলাম।