নারকেলি শিম
উপকরণ :শিম ২০০ গ্রাম, পেঁয়াজ কুঁচি ৬ চামচ, নারিকেল কোরানো ৬ চামচ, রসুন কুঁচি ১ চামচ, কাঁচামরিচ কুঁচি ১ চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, ধনেপাতা কুঁচি ১ চামচ, লবণ স্বাদমতো, সাদা তেল পরিমাণমতো, পানি প্রয়োজনমতো।
প্রণালি :শিমগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন। প্যানে তেল দিন। তেল গরম হলে তাতে রসুন কুঁচি, কাঁচামরিচ ও পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে সামান্য হলুদ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিন। হলুদ পেঁয়াজের সঙ্গে মিশে গেলে কেটে রাখা শিম দিয়ে ভালো করে নাড়তে থাকুন। পেঁয়াজের সঙ্গে শিম মিশে গেলে সামান্য জল দিয়ে প্যান ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর প্যানের ঢাকনা খুলে কড়াইয়ে কোরানো নারিকেল দিয়ে দিন। ভালোভাবে নেড়েচেড়ে আরও খানিকক্ষণ প্যান ঢেকে রাখুন। কয়েক মিনিট পর ঢাকনা খুলে দেখবেন শিম সিদ্ধ হয়ে গেছে। শিম সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল নারিকেল দিয়ে শিম ভাজা। কোরানো নারিকেল ছড়িয়ে গার্নিশ করুন।
সয়ানাগেট সবজি
উপকরণ :ফুলকপি টুকরা ১ কাপ, মিষ্টি কুমড়ো ১ কাপ, গাজর টুকরা ১ কাপ, শিম ১ কাপ, সয়ানাগেট ১ কাপ, পেঁয়াজ পাতা/কালি আধা কাপ, আদা, জিরা, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ৪/৫টি, লবণ স্বাদমতো, চিনি আধা টেবিল চামচ, মেথি আধা চা চামচ, সরিষা আধা চা চামচ, শুকনা মরিচ ২টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি :এক চা চামচ তেলে সয়ানাগেট ৫ মিনিট ভেজে প্রথমে ফুটন্ত পানিতে ১০ মিনিট পরে ঠাণ্ডা পানিতে ১০ মিনিট ভিজিয়ে পানি নিংড়ে নিন। মিষ্টি কুমড়ো একটু বড় টুকরা, পেঁয়াজ কলি ১ ইঞ্চি লম্বা টুকরা এবং বাকি সবজি একই রকম টুকরা করে ধুয়ে নিন। চিনি, মেথি, তেল, শুকনা মরিচ, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ কলি ছাড়া অন্যান্য উপকরণ একসঙ্গে মেখে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ করুন। সব সবজি আধাসিদ্ধ হলে মিষ্টি কুমড়ো দিন। সিদ্ধ করে নামিয়ে নিন। কড়াইতে তেল দিয়ে মেথি, সরষে ও শুকনা মরিচ ফোড়ন দিয়ে সবজি ঢেলে দিন। পেঁয়াজ কলি ও চিনি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ জ্বাল দিন। মাখামাখা হলে ১ টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।
পাঁচফোড়নে নিরামিষ
উপকরণ :ফুলকপি টুকরা, মিষ্টি কুমড়ো ছোট করে কিউব, বাঁধাকপি টুকরা, আলু ছোট করে কিউব, বেগুন ছোট করে কিউব ৩ কাপ পরিমাণ। পেঁয়াজ কুঁচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, মেথি গুঁড়া ১/৪ চা চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ, আদা মিহি কুঁচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতা মিহি কুঁচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি কয়েকটা, টমেটো টুকরা ১ কাপ।
প্রণালি :প্রথমে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিন। হালকা লাল হয়ে এলে এতে হলুদ, মরিচ, ধনে, মেথি গুঁড়া আর অল্প পানি দিয়ে নাড়াচাড়া করে সব সবজি দিয়ে হালকা ভেজে নিন। এখন এই সবজির ওপর টমেটো টুকরা, ধনেপাতা কুঁচি, আদা কুঁচি, আধা কাপ গরম পানি, স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ধিমি আঁচে রান্না করুন ১৫ মিনিট। এরপর এতে পাঁচফোড়ন গুঁড়া ছিটিয়ে দিন। সঙ্গে দিন কয়েকটা কাঁচামরিচ ফালি, ১ চা চামচ পরিমাণ ঘি আর অল্প পেঁয়াজ বেরেস্তা। এবার ঢাকনা লাগিয়ে রান্না করুন আরও ৩ থেকে ৪ মিনিট। নামিয়ে রুটি কিংবা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
ফুলকপির দোলমা
উপকরণ :মাঝারি সাইজের ফুলকপি ১টি, শুকনো লঙ্কা ২টি, হলুদ আধা চামচ, জিরা গুঁড়া ১ চামচ, ধনে গুঁড়া ১ চামচ, নুন ও সাদা তেল আন্দাজমতো, গরম মসলা আধা চামচ, গোটা গরম মসলা আধা চামচ (ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ), আদাবাটা ১ চামচ, চেরা কাঁচামরিচ ৫টি, টকদই আধা কাপ, বেসন ১ চামচ, ঘি ১ চামচ।
প্রণালি :কড়াইয়ে ঘি গরম করে অর্ধেকটা মসলা বাটা (আদা, মরিচ, জিরা, ধনে, হলুদ, গরম মসলা ও লবণ), দই দিয়ে পুর তৈরি করুন। ওই পুর একটু করে নিয়ে ফুলকপির ভিতর ঢুকিয়ে দিন। ফুলকপির গায়ে একটু করে তেল মাখিয়ে ওভেনে বেক করে নিন (১০-১৫ মিনিট)। অন্য একটি পাত্রে তেল গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিন। বাকি মসলা দিয়ে কষিয়ে নিন। দই বেসন ও লবণ দিন। একটু পানি দেবেন। ঘন হয়ে এলে বেক করা ফুলকপিগুলোর ওপর ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন।
