ফ্যা শ ন

এই সময়ে ক্যাজুয়াল শার্ট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

ফ্যাশন বলতে এককালে শুধু মেয়েদের ফ্যাশনকেই বুঝানো হতো। ফ্যাশনে একচ্ছত্র অধিকার যেন কেবল মেয়েদেরই। কিন্তু যুগ পাল্টেছে, পাল্টেছে মানুষের দৃষ্টিভঙ্গিও। আর বদলেছে ছেলেদের ফ্যাশনের ধারা। ছেলেদের ফ্যাশন প্রসঙ্গে প্রথমে আসে শার্টের কথা। ছেলেদের ফ্যাশন জগতে ক্যাজুয়াল ফ্যাশন দারুণ জনপ্রিয়। আর বাংলাদেশের আবহাওয়ায় ফ্যাশনের এ ধারাটি বেশ মানানসই। ক্যাজুয়াল শার্ট গরমে এক মোক্ষম পোশাক। ফ্যাশন কেমন হবে, তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। গরমে ক্যাজুয়াল শার্ট যেমন স্বস্তির কারণ হতে পারে, তেমনি উত্সবেও দিতে পারে ফ্যাশনেবল লুক। ক্যাজুয়াল একরঙা শার্টের মধ্যে সুতির চলই বেশি। তবে সুতির একরঙা শার্টের সমস্যা হলো কিছুক্ষণ পরে চলাফেরা করলে শার্টে ভাঁজ পড়ে যায়। তাই বেছে নিতে পারেন সুতি ও অন্য সুতার মিশ্রণে তৈরি শার্ট। এতে ভাঁজ পড়লেও কম নজরে আসবে। ক্যাজুয়াল শার্টের বোতামেও বেশ ভিন্নতা দেখা যায়। এখন সাদা স্বচ্ছ বোতাম তেমন আর দেখা যায় না। শার্টের রং যেমনই হোক, গাঢ় রঙের বোতামই চলছে বেশ। ক্যাজুয়াল শার্ট নিয়ে কথা হয় ফ্যাশন হাউস ইজির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী সঙ্গে। তিনি বলেন, ‘সময়টা এখন ক্যাজুয়াল ফ্যাশনের। অনেকেই এই সময় ফরমাল পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।’ শার্টের রং আর নকশায় এ বছর বেশ ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে বলে জানালেন তিনি। তিনি আরও বলেন, ‘ছেলেদের শার্টে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো বড় কিছু না, খুব সূক্ষ্ম। যদিও শার্টের লুক বদলে দিতে এই পরিবর্তনগুলো বেশ গুরুত্ব পাচ্ছে। শুধু যে ক্যাজুয়াল শার্টেই নতুনত্ব এসেছে, তা কিন্তু নয়; পরিবর্তন এসেছে আমাদের অন্যান্য পোশাকেও। যেমন আমাদের পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়াগুলোতে। এতদিন শার্টের কলার, হাতা সবকিছুতে একই কাপড় ব্যবহার হলেও বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে। এখন কলারের ভিতরে অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা ব্যবহার করা হচ্ছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। দুই রং বা দুই রকমের নকশা করা কাপড় জুড়ে দেওয়া হচ্ছে শার্টে। ফ্যাশনের হাওয়া বদলে এখন শার্টেও টিকিং ব্যবহার করা হচ্ছে। শার্টের এই পরিবর্তন হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের জায়গা সবর্দাই থাকে। তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে এখন প্রচলিত অন্যান্য প্রিন্টের শার্টও তৈরি করা হচ্ছে। গরমের কথা মাথায় রেখে নরম সুতির কাপড় ব্যবহার করেছি। রঙের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিচ্ছি হালকা নীল রঙের। ক্যাজুয়াল শার্টে সাদা, অফ হোয়াইট, মেরুন, আকাশি, কালো ও হালকা রঙগুলো এখন ফ্যাশনেবল। শার্টে নরম সুতি কাপড় প্রাধান্য পাচ্ছে। ক্যাজুয়ালে ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট দুটোই সমানতালে চলছে। আমরা রেগুলার ও ফিটেড দুটি স্টাইলই ব্যবহার করছি।’

বিভিন্ন ফ্যাশন হাউসে ক্যাজুয়াল শার্ট পাওয়া যাবে ৬০০-২০০০ টাকার মধ্যে। একটু কম দামে কিনতে চাইলে যেতে পারেন আজিজ সুপার মার্কেট, নিউমার্কেট, গাউসিয়া, বায়তুল মোকাররমসহ বিভিন্ন মার্কেটে। কিনতে পারবেন ২৫০-৫০০ টাকার মধ্যেই। এছাড়াও বিভিন্ন ফ্যাশন হাউস এবং বিপণীবিতানে মিলবে নতুন নকশার ক্যাজুয়াল শার্ট। এই সময়ের ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি, তেমনি তা দেবে ফ্যাশনেবল লুক।

 

মডেল আরেফিন শুভ পোশাক ইজি