টেলিটকের হাত ধরে আসছে ফাইভজি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩০

সরকারের চলতি মেয়াদের মধ্যেই টেলিটককে দেশের নাম্বার ওয়ান মোবাইল ফোন অপারেটর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তথ্যপ্রযুক্তি দুনিয়ার বিস্ময়কর আবিষ্কার ফাইভজি প্রযুক্তি টেলিটকের মাধ্যমেই শুরু হবে।

সম্প্রতি মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল খেলার মাঠে টেলিটক বাংলাদেশ লিমিটেড আয়োজিত টেলিটক আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মোস্তাফা জব্বার ক্যাম্পাসের স্মৃতি রোমন্থন করেন। মন্ত্রী পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং মানসিক ও শারীরিক উত্কর্ষতা বৃদ্ধিতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘কম্পিউটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পারস্পরিক পরিচয় হয় কিন্তু ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একে অন্যের কাছে আসার সুযোগ সৃষ্টি করে। যা মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ বৃদ্ধি করে।’

 মোস্তাফা জব্বার আরো বলেন, ‘প্রযুক্তি ও বিনিয়োগসহ টেলিটককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বিপ্লবে বাংলাদেশকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায়  পৌঁছে দিয়েছেন। তাঁরই নেতৃত্বে আমরা টেলিটকের বিদ্যমান প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবই এবং সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটককে মানুষের প্রত্যাশার জায়গায় নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের আরও তত্পর হওয়ার আহ্বান জানান। তিনি সমন্বয়ের মাধ্যমে টেলিটকের চলমান উন্নয়নে কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে টেলিটক ব্যবস্থাপনা পরিচালক মো. সাাহাবুদ্দীন এবং জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড. ওয়াসিম সরকার বক্তব্য প্রদান করেন। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।