দেশে কয়েক দফা পর্নো সাইট ব্লক করার পর এবার অনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। গত রবিবার থেকে জুয়াড়িরা এসব সাইটে প্রবেশ করে জুয়া বা বা বেটিং করতে পারছেন না।
বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে, এখন থেকে বেটিংয়ের ১৭৬টি সাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হকও এর সত্যতা নিশ্চিত করেছেন।
ইমদাদুল হক বলেন, ‘১৭৬টি সাইট বন্ধ করতে বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। রবিবার তা কার্যকর করা হয়েছে। আরও কিছু জুয়া ও বেটিং সাইট বন্ধের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
সংবাদটি প্রকাশিত হওয়া পর্যন্ত আরো ৭৬টি পর্নোসাইট বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন ইমদাদুল হক।
সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশে পর্নোসাইট বন্ধের এ ঘোষণা দেন। এরপরই বিটিআরসি এ বিষয়ে তত্পর হতে থাকে। ইতোমধ্যে বিটিআরসি কয়েক দফায় প্রায় তিন হাজার পর্নোসাইট বন্ধ করেছে।
সারাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের ধীর গতি নিয়ে ব্যবহারকারীরা হতাশ। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্যে ইমদাদুল হক বলেন, ‘সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি ধীর নয়। যে সকল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বিটিআরসি থেকে লাইসেন্স প্রাপ্ত হয়েছে এবং যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)’র সদস্য তাদের সার্ভিসকৃত ইন্টারনেটের কোনো সমস্যা হচ্ছে না। ’
একটু সচেতন হলে সাধারণ ব্যবহারকারীরা প্রতারণার হাত থেকে রেহাই পেতে পারেন। এজন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেয়ার আগে বিটিআরসির ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিবেন যে, ওই প্রতিষ্ঠানটি বিটিআরসি’র তালিকাভূক্ত কিনা? এছাড়াও আইএসপিএবি’র সাইটেও প্রবেশ করে দেখে নিবেন ওই প্রতিষ্ঠানটি আইএসপিএবি’র সদস্য কিনা? ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারদের সম্পর্কে অভিযোগ জানাতে ও বিভিন্ন বিষয়ে পরামর্শ জানতে ভিজিট করতে পারেন www.ispab.org ঠিকানায়।
