আগামী একুশে গ্রন্থমেলায় লেখক সম্মানী নিশ্চিত করার জন্য বিশেষ আইনি সেল ও বুথ খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ লেখক ঐক্য। গত শনিবার হাতিরপুলে এক সংবাদ সম্মেলনে বইমেলার নতুন একটি খসড়া বিন্যাস ও নকশা প্রস্তাব আকারে উপস্থাপন করা হয়। সংগঠনের সভাপতি ফাহমিদুল হক সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবগুলো পাঠ করেন।
এতে বলা হয়, মেলা পরিচালনা কমিটিতে লেখকদের অন্তর্ভুক্ত করা, লেখক সম্মানী নিশ্চিত করার জন্য বিশেষ আইনি সেল ও বুথ খোলা এখন সময়ের দাবি। বিদ্যমান মেলা বিন্যাসে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত বাঁক ও আড়াল রয়েছে উল্লেখ করে বলা হয়, নকশার কারণে অনেক স্টল একেবারে আড়ালে পড়ে যায়। পাঠকরা সহজে কাঙ্ক্ষিত স্টল খুঁজে পান না। প্রচুর স্থান অপচয় হয়। দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের উপায় থাকে না। ফলে স্টল বিন্যাসের নকশা পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। ডিজাইনার মেহেদী হক প্রস্তাবিত নকশাটি সাংবাদিকদের কাছে ব্যাখ্যাসহ তুলে ধরেন। — প্রেস বিজ্ঞপ্তি
