‘করতোয়া বাঁচলে বগুড়া বাঁচবে, বাঁচবে বাংলাদেশ’ এই স্লোগানে মুখরিত হয়ে করতোয়া নদীর অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ এবং নদী দখলমুক্ত করে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
সোমবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে করতোয়া নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও হাইকোর্টের রায় অতিসত্বর বাস্তবায়নের দাবি জানানো হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) বগুড়ার উদ্যোগে ও করতোয়া বাঁচাও নেটওয়ার্কিং কমিটি আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. মাছুদার রহমান হেলাল।
বক্তারা বলেন, করতোয়া উত্তরবঙ্গের একটি অন্যতম প্রধান নদী। কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার কারণে নদীটি আজ মৃতপ্রায়। গুটি কয়েক মানুষের কারণে আজ করতোয়া বিপন্ন কিন্তু দীর্ঘদিন যাবত্ প্রশাসন এর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্ কর্মসূচি ঘোষণা করা হবে বলে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক সনাকের সাবেক সভাপতি বজলুল করিম বাহার, সনাকের সহ-সভাপতি প্রফেসর সায়মা কানিজ, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে টিআইবির এরিয়া ম্যানেজার জেসমিন আক্তার পান্নাসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসসহ বিভিন্ন সংগঠনের দু’শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
