ইংল্যান্ডের বিরুদ্ধে সব পাওয়ার সিরিজ শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ফরম্যাটের সবকটি ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারালো টাইগার জুনিয়ররা। একমাত্র টি-২০, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। চট্টগ্রামে প্রথমটিতে জয়ের পর গতকাল দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে তিন উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ যুব দল।
তাতেই চারদিনের ম্যাচেও ২-০ তে সিরিজ জিতল স্বাগতিকরা। সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ম্যাচ সেরা হন। সিরিজ সেরার পুরস্কার জিতেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ছিল ৩৩৩ রান। তৃতীয় দিনে এক উইকেটে ৩৪ রান তোলা বাংলাদেশের গতকাল ম্যাচের চতুর্থ ও শেষ দিনে প্রয়োজন ছিল ২৯৯ রান। মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, তৌহিদ হূদয় ও তানজিদ হাসানের হাফ সেঞ্চুরিতে গতকাল সেই কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের ৩৩৭ রানের জবাবে প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। আট উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল সফরকারী দল। গতকাল সাত উইকেটে ৩৩৩ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। সকালে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তানজিদ হাসান ৫১, পারভেজ হোসেন ৩৭ রান করে আউট হন। ১২১ রানে তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হূদয়। তারা ১৪১ রানের জুটি গড়েন। ফিঞ্চের বলে বোল্ড হওয়ার আগে তৌহিদ হূদয় ৭৬ রান করেন। অধিনায়ক আকবর আলী (৫) উইকেটে স্থায়ী হতে পারেননি। দলকে জয় থেকে সাত রান দূরে রেখে আউট হন মাহমুদুল হাসান জয়। ২২৪ বলে ১৩টি চারে ১১৪ রানের ইনিংস খেলেন এই যুবা ব্যাটসম্যান। পরে শাহাদাত হোসেন ২০ রান করে ফিরলেও রুহেল আহমেদ, মিনহাজুর রহমানের ব্যাটে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। রুহেল অপরাজিত ৪, মিনহাজুর অপরাজিত ৩ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ফিঞ্চ, হামিদউল্লাহ ও অলড্রিজ ম্যাচে দুটি করে উইকেট পান।
