প্রিমিয়ার লিগ টি-২০ শুরু ২৫ ফেব্রুয়ারি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১২ ক্লাবকে নিয়ে নতুন টি-২০ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গতকাল এই তথ্য জানিয়েছেন। চারটি গ্রুপে ভাগ করা হচ্ছে ক্লাবগুলোকে। প্রতি গ্রুপের সেরা চার ক্লাব খেলবে সেমিফাইনালে। তারপর ৩ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবারাত্রির ফাইনাল। প্রতিটি ক্লাব অন্তত দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শুধুই দেশীয় ক্রিকেটারদের নিয়ে হবে এই টুর্নামেন্ট। এবং টুর্নামেন্টটি বিপিএলের ম্যাচের মতোই মর্যাদা পাবে।  দেশীয় ক্রিকেটারদের এই ফরম্যাটে অভ্যস্ত হতেই টুর্নামেন্টটি আয়োজন করছে বিসিবি। এর আগে ২০০৯ সালে ক্লাবগুলোকে নিয়ে, ২০১০ সালে জাতীয় লিগের দলগুলোকে নিয়ে এনসিএল টি-২০, ২০১৩ সালে আম্বার বিজয় দিবস টি-২০ আয়োজন করেছিল বিসিবি।