দলগত সাফল্যকেই প্রাধান্য দিচ্ছেন এমবাপে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

কিলিয়ান এমবাপের দুর্দান্ত এক গোলে সেইন্ত এতিয়েনের বিপক্ষে জয় পেয়েছে শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেইঁ। গোলটির মাধ্যমে দারুণ এক মাইলফলক ছোঁয়া এই ফরাসি ফরোয়ার্ড অবশ্য ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানালেন ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যকেই বেশি মনোযোগী তিনি। 

প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধে দলের পাশাপাশি নিজেও নিষ্প্র্রভ ছিলেন এমবাপে। ৭৩ মিনিটে ক্ষণিকের জন্য জ্বলে উঠলেন, তাতেই নিশ্চিত হয়ে গেলো দলের জয়! রাইটব্যাক দানি আলভেসের হাওয়ায় ভাসানো পাস মাটিতে পড়ার আগেই প্রতিপক্ষ জালে পাঠান পিএসজি স্ট্রাইকার। এর মাধ্যমে এই মৌসুমে নিজের প্রথম ১৮ ম্যাচ থেকে ১৯তম গোলটি করলেন বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকার। ফরাসি লিগে গত ৪৫ বছরে এমন কীর্তি নেই আর কোনো ফরাসি স্ট্রাইকারেরই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপে কঠিন এক ম্যাচ জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেললেন। তিনি বলেন, ‘আমরা ভালো একটি দলের বিপক্ষে খেলেছি যারা নিজেদের মাঠে খেলছিল। এখানে খুব কম দলই এসে জিততে পারে, আমরা তা করে দেখিয়েছি। আমরা খুশি এবং তিন পয়েন্ট সঙ্গে নিয়েই এখান থেকে যাচ্ছি।’

 ফেব্রুয়ারির শুরুতে লিগের তৃতীয় স্থানে থাকা লিওঁর কাছে হেরেছিল পিএসজি। এরপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে কোচ থমাস টুখেলের দল। গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানইউকে তাদেরই মাঠে হারিয়েছিল তারা, যাতে বড় ভূমিকা পালন করেছিলেন এই পিএসজি তারকা।

নিজের কীর্তির চেয়ে দলের এ সাফল্যকেই বড় করে দেখলেন এমবাপে। দলের জয়ের ধারা অব্যাহত রাখায় জোর দিয়ে তিনি বলেন, ‘এটা চালিয়ে যেতে হবে আমাদের এবং বড় লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। আমার পরিসংখ্যান ভালোই তবে দলেরটা আরও ভালো।’