ক্ষমতা ক্ষণস্থায়ী ও ভঙ্গুর

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

পদ-পদবি ও ক্ষমতাকে একশ্রেণির মানুষ আজ অনেক কিছু মনে করেন। আমাদের দেশে ও সমাজে দেখা যায়, অনেকে সামান্য একটু ক্ষমতা পাইলেই কখনো কখনো ধরাকে সরা জ্ঞান করেন। এখানে ধরা মানে পৃথিবী আর সরা মানে মৃত্পাত্র। সহজ কথায় মাটির পাত্র। তাহারা গোটা পৃথিবীটাকে মাটির পাত্রের মতো তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আমরা শাব্দিকভাবেও যদি ইহাকে বিশ্লেষণ করি তাহা হইলে বলিতে পারি সরা বা মাটির পাত্র সেও তো ক্ষণস্থায়ী। অর্থাত্ যাহারা ধরাকে সরা জ্ঞান করেন তাহাদের মনে রাখা উচিত ক্ষমতাও ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। কিন্তু ইহা তাহাদের স্মরণে থাকে না। দায়িত্ববানরা কথার চাইতে কাজ বেশি করেন। ‘লোভের জিভ কাটিয়া ফেলা হইবে’—এমন কথাও বলিতেছেন কেহ কেহ। কিন্তু এই কার্যটি তিনি কোথা হইতে শুরু করিবেন সেটিই তো বড় প্রশ্ন। সর্বাঙ্গে যখন ব্যথা তখন ঔষধটা দেবেন কোথায়?  যাহার জিহ্বা কাটা হইল, তিনি যেন মনে করিতে না পারেন যে, লঘু অপরাধের জন্য তাহাকে কঠিন শাস্তি দেওয়া হইয়াছে বা তাহার চাইতেও বড় অপরাধীর আগে শাস্তি পাওয়া কাম্য ছিল অথচ তাহা হয় নাই। এখানে এই প্রশ্নও উঠিতে পারে যে, ছোট অপরাধীদের জিহ্বা কাটা হইলে বড় অপরাধীর বেলা কী হইবে? তাহাদের কি নাক-কানও কাটা হইবে? কবি অন্নদাশঙ্কর রায় ‘খুকু ও খোকা’ কবিতায় লিখিয়াছেন, ‘তেলের শিশি ভাঙল বলে/ খুকুর পরে রাগ করো।/ তোমরা যে সব বুড়ো খোকা/ ভারত ভেঙে ভাগ করো!/ তার বেলা?’ ছোট অপরাধীদের চাইতে আগে বড় অপরাধীদের আমলে নেওয়া উচিত।

অন্যদিকে প্রশাসনকে শক্তিশালী করিতে হইলে ভালো, সত্ ও দক্ষ অফিসারদের নিয়োগ দিতে হইবে। তাহাদের কথায় কথায় বদলি করা উচিত নহে। তাহারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। তাহারা আইন-কানুন ও বিধি অনুসারে কাজ করিবেন। ‘আমার-তোমার-তাহার’ প্রশাসনকে এইভাবে ভাগ করা সমীচীন নহে। একবার প্রশাসন এভাবে ভাগ হইয়া পড়িলে জনগণ যাহা চাহে তাহা শুধু নহে, খোদ সরকার যাহা চাহে, তাহাও অর্জন করা কঠিন হইয়া পড়িবে। সত্যি বলিতে কী আমাদের প্রশাসন আজ কোথায় নামিয়া গিয়াছে! যেসকল সমস্যা গ্রাম, ইউনিয়ন, উপজেলা এমনকি খুব জোর জেলায় বসিয়াই সমাধান করা যায়, তাহাও আজ রাজধানী ঢাকা অবধি টানিয়া আনা হইতেছে। যাহা সহজেই সমাধানযোগ্য, তাহা লইয়াও অনেক সময় প্রশাসনকে দিনের পর দিন ব্যস্ত থাকিতে দেখা যায়। মোটকথা, প্রশাসনসহ যে যেখানেই থাকুন না কেন, কেহ যাহাতে ক্ষমতাকে চিরস্থায়ী মনে না করেন। ইহার অপব্যবহার না করেন। ক্ষমতা হইল কচুপাতার পানির মতো টলটলায়মান। রাষ্ট্র, সমাজ, পরিবার, প্রশাসন— সর্বত্র এই কথা প্রযোজ্য। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করিতে হইবে।