শেয়ারবাজার

সূচকের পতন, বেড়েছে লেনদেন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

দুই কার্যদিবস কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার পর গতকাল সোমবার শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থা দাঁড়িয়েছে। দুই বাজারেই সবকটি মূল্যসূচকের পতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সূচকের পাশাপাশি ডিএসইতে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে এক হাজার ৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে এক হাজার ৯৮৭ পয়েন্ট হয়েছে। গতকাল এ বাজারে লেনদেন হয়েছে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭২৫ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ১৮ লাখ টাকা। টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৪৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস। লেনদেনে এরপর রয়েছে-পেনিনসুলা চিটাগাং, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, গ্রামীণফোন, সুহূদ ইন্ডাস্ট্রিজ এবং এমএল ডাইং। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৭০ পয়েন্ট কমে ১০ হাজার ৬১৪ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন হওয়া ২৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৭টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৩টির।

ব্লক মার্কেটে ৬৯ কোটি টাকার লেনদেন

ডিএসইতে গতকাল সোমবার ব্লক মার্কেটে ১৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। ডিএসই’র তথ্যে দেখা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের। কোম্পানিটির মোট ২৩ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানির ১৪ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ৯ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানি হচ্ছে-অগ্রণী ইন্স্যুরেন্স ৯ লাখ ৬৬ হাজার, আল-হাজ টেক্স ১০ লাখ ৮ হাজার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো ১৮ লাখ ২৫ হাজার, ব্র্যাক ব্যাংক ৮ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার, ঢাকা ব্যাংক ২ কোটি ৬০ লাখ ৮০ হাজার, ফরচুন সু’জ ১৩ লাখ ৩০ হাজার, জনতা ইন্স্যুরেন্স ২৫ লাখ ৩৫ হাজার, কাট্টালি টেক্সটাইল ৪০ লাখ ৯১ হাজার, মেট্রো স্পিনিং ৫৯ লাখ ৯৯ হাজার, এমএল ডায়িং ২০ লাখ ৭০ হাজার, নাহী অ্যালুমিনিয়াম ১ কোটি ২৫ লাখ, সায়হাম কটন ১১ লাখ ৪৮ হাজার, সুহূদ ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ৪৬ লাখ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স এর ১ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।