টেক্সাসে বাধ্যতামূলক টিকা প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৯:৪৭

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাধ্যতামূলক করোনা টিকা প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন রাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরু থেকেই করোনা টিকার বাধ্যতামূলক প্রয়োগের বিরোধী ছিলেন গ্রেগ অ্যাবট। রিপাবলিকান এই সিনেটর এ নিয়ে সবসময়ই কথা বলে আসছেন। অবশ্য আগেও তিনি একইরকম আদেশ জারি করেছিলেন। কিন্তু এবারই প্রথম বেসরকারি চাকুরিজীবী এবং তাদের ভোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

টেক্সাসে বাধ্যতামূলক টিকা প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা

টিকার বাধ্যতামূলক করাকে অনেকেই ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন। তাই নিষেধাজ্ঞাটিকে আইনে পরিণত করতে রাজ্যের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর।

এক বিবৃতিতে গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, কোভিড-১৯ টিকা নিরাপদ, কার্যকরী এবং ভাইরাসের বিরুদ্ধে আমাদের সেরা প্রতিরক্ষা। কিন্তু এটি স্বেচ্ছায় গ্রহণের নিয়ম থাকা উচিত এবং কখনোই যেন বাধ্যতামূলক না করা হয়।

এর আগে চলতি বছরের শুরুতে টেক্সাসে বাধ্যতামূলক মাস্ক পরিধানের ওপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেন গভর্নর গ্রেগ অ্যাবট। আর গত আগস্টে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। যার আওতায় পাবলিক স্কুল ও বিশ্ববিদ্যালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত লোকদের বাধ্যতামূলক টিকা নেওয়ার আইন বাতিল করা হয়।

ইত্তেফাক/টিএ/এনএজেডএন