মাগুরার শ্রীপুর উপজেলায় গড়াই নদীতে আছাদুজ্জামান স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নাকোল ইউনিয়নের গড়াই নদীতে গ্রাম-বাংলার ঐহিত্যবাহী এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর আন্তঃইউনিয়ন নৌকাবাইচ আয়োজক কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় খুলনা, কুষ্টিয়া, রাজবাড়ী, নড়াইল ও মাগুরার মোট ৮টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া জলপরি নৌকা ১ম, লালন শাহ ২য় ও ৩য় স্থান অধিকার করে আতিক হাসানের নৌকা।
নৌকাবাইচ উপলক্ষে গড়াই নদীর সেতুর দু’প্রান্তে বসেছিল গ্রামীণ মেলা এবং নদীর দুই পাড়ে ভিড় জমেছিল হাজার হাজার মানুষের।
আয়োজক কমিটির সভাপতি, নাকোল ইউপি চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
