এক বছরের মধ্যে দেশে সরকারিভাবে করোনাভাইরাসের টিকা বোতলজাত করার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (১৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। এ কাজে আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করার জন্যও স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন, ব্যবহার, পরিবহন ও সাশ্রয়ী দিক বিবেচনায় প্রোটিন ভ্যাকসিন উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, টিকা উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি উৎপাদন ও সরবরাহকারী বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিকভাবে প্রাক্কলিত দর প্রস্তুত করা হয়েছে। শেখ সেলিমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য— স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নূর, রাহগির আলমাহি এরশাদ ও আমিরুল আলম মিলন অংশ নেন।
