কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে নিরাপত্তা বলয়

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। গতকাল নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ডিএমপির এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনারের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণসহ আশপাশের এলাকাজুড়ে পর্যাপ্তসংখ্যক অফিসার ও ফোর্সের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। প্রতিটি প্রবেশ গেটে পর্যাপ্তসংখ্যক আর্চওয়ে স্থাপন করা হবে। দর্শনার্থীদের হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি ও হ্যান্ড ব্যাগ চেকিং করা হবে। মহিলাদের তল্লাশির ক্ষেত্রে প্রতিটি গেটে পর্যাপ্তসংখ্যক নারী পুলিশ থাকবে।

কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় পর্যাপ্তসংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হবে। থাকবে পুলিশ কন্ট্রোল রুম। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা বোম্ব ডিসপোজাল টিম এবং ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ বিশেষ নজরদারির আওতায় আনতে থাকছে ওয়াচ টাওয়ার।

শহীদ মিনারে যাওয়ার পথনির্দেশনা : কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের পথনির্দেশনা ঠিক করে দিয়েছে একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে এ রুটম্যাপ কার্যকর হবে। জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন।

শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেট (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে পলাশী মোড় ও ফুলার রোড মোড় হয়ে অর্থাত্ সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যাবেন। এ ছাড়া নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় থেকে বাম দিকের রাস্তা দিয়ে (জহুরুল হক হলের পশ্চিমের রাস্তা) সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

নিউমার্কেট ক্রসিং থেকে হোম ইকোনমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়েও আজিমপুর (বেবী আইসক্রীম) মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা হয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। চাঁনখারপুল এলাকা থেকে বকশি বাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়েও পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।

যেসব রাস্তা বন্ধ থাকবে : টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা অর্থাত্ শিববাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনারে ও মেডিক্যাল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড হয়ে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা এবং চাঁনখারপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তা জনসাধারণের যাতায়াতের জন্য বন্ধ থাকবে। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সেখান থেকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ও পেছনের রাস্তা দিয়ে চাঁনখারপুল হয়ে যাওয়া যাবে, শহীদ মিনারের দিকে আসা যাবে না।