আফগানিস্তানবিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত জালমে খালিলজাদ পদত্যাগ করেছেন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং তালেবান ক্ষমতা গ্রহণ করার দু'মাসেরও কম সময়ের মধ্যে তিনি সরে গেলেন।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা, মার্কিন নাগরিক ও মার্কিন বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগানদের প্রত্যাহার করে নেওয়ার প্রায় দু’মাস পর চলতি অক্টোবরে দোহায় তালেবান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন সরকারের প্রতিনিধিরা। সেই বৈঠকের দু-সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন খলিলজাদ। এ সম্পর্ক মন্তব্য চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
৭০ বছর বয়সী জালমে খলিলজাদের জন্ম আফগানিস্তানে, শৈশব-কৈশর কেটেছে কাবুলে। অভিজ্ঞ এই কূটনীতিক সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক শীর্ষ কূটনীতিকের পদে আসীন হন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে দোহায় তালেবান বাহিনীর সঙ্গে মার্কিন সরকারের যে চুক্তি হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন খলিলজাদ।
