ইত্তেফাক রিপোর্ট
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। তিনি নায়েমের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। গতকাল রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে ছিলেন। অধিদপ্তরের মহাপরিচালক থাকা অবস্থায় গত ৩ নভেম্বর মৃত্যুবরণ করেন অধ্যাপক মাহবুবুর রহমান। এর পর থেকেই পদটি শূন্য হয়।
মহাপরিচালক হিসাবে নিয়োগ পাওয়া অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুককে অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)সহ বিভিন্ন সংগঠন।
এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে নায়েমের নতুন ডিজি করা হয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক আহমেদ সাজ্জাদ রশীদকে। আর ডিআইএর পরিচালক করা হয়েছে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেনকে।
