রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার সময় পেট্রোল ঢেলে বাড়িঘরে আগুন ধরানোর অভিযোগে শিবিরকর্মী আবদুল্লাহ আল মামুন (২৩) ও ওমর ফারুককে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে ওই দুজনকে তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে রংপুরের পুলিশ সুপার বিপ্লব সরকার গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক জামায়াত-শিবিরের কর্মী। ঘটনার রাতে তারা পেট্রোল নিয়ে সাদুল্লাপুর থেকে পীরগঞ্জে এসে হামলায় অংশ নেয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
১৭ অক্টোবর রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গ্রামটির ১৫টি পরিবারের ২১টি বাড়ির সবকিছু আগুনে পুড়ে গেছে। হামলাকারীরা গরু-ছাগল, স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এ ঘটনায় পীরগঞ্জ থানায় দায়ের করা চারটি মামলায় ৬৬ জন গ্রেফতার হয়েছে।
