মাগুরার মুক্তিযোদ্ধা সহোদর আহম্মদ ও মহম্মদের শাহাদত্ বার্ষিকী আজ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২২:০৮

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধা সহোদর আহম্মদ হোসেন ও মহম্মদ হোসেনের শাহাদত্ বার্ষিকী আজ। এ উপলক্ষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলার নাগড়িপাড়া গ্রামে দুই মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও দোয়া মাহফিল।

১৯৭১ সালের ১৯ নভেম্বর পাকবাহিনীর মহম্মদপুরে টিটিডিসি ভবনে (বর্তমান উপজেলা পরিষদ) ক্যাম্প দখলের লক্ষ্যে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় মহম্মদপুরের মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ক্যাম্পে আক্রমণ চালালে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। এ সময় একটি গুলি আহম্মদের মাথায় বিদ্ধ হয়। বড় ভাই মহম্মদ ছোট ভাইকে বাঁচাতে ছুটে যাওয়ার প্রাক্কালে তিনিও গুলি বিদ্ধ হন। সেখানেই তারা শহীদ হন।

আজকের দিনটি মহম্মদপুর উপজেলাবাসীর কাছে একাধারে বেদনা ও গর্বের। প্রতিবছর আজকের এই দিনটিতে উপজেলাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযোদ্ধা সহোদরকে। আহম্মদ, মহম্মদকে মহম্মদপুর উপজেলার নাগড়িপাড়া গ্রামে দাফন করা হয়।